মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে নবনির্মিত ‘বাইতুল আমান জামে মসজিদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার আসর নামাজ শেষে চরমোনাইর ডিঙ্গামানিক ডাক্তার বাড়ি এলাকায় অবস্থিত এই মসজিদের উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
উদ্বোধন শেষে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীকে নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শায়খে চরমোনাই। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং মসজিদের সার্বিক সমৃদ্ধি কামনা করা হয়।
নতুন এই আল্লাহর ঘরের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী মাহফিলে মসজিদের নিয়মিত মুসল্লিরা ছাড়াও চরমোনাই ও আশেপাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ডিঙ্গামানিক ডাক্তার বাড়ি এলাকার মুসল্লিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটি সুন্দর ও সুপরিসর মসজিদের। ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধনের মাধ্যমে আজ থেকে সেখানে নিয়মিত জামাতে নামাজ আদায়ের সুন্দর পরিবেশ নিশ্চিত হলো।