মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে যুবকের ওপর কিশোর গ্যাং লিডার অলির নৃশংস হামলা

বরিশালে যুবকের ওপর কিশোর গ্যাং লিডার অলির নৃশংস হামলা

নিজস্ব প্রতিবেদক::কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েই ফের বেপরোয়া হয়ে উঠেছে বরিশালের চিহ্নিত কিশোর গ্যাং লিডার অলি। মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে তরিকুল ইসলাম নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নৃশংসভাবে জখম করেছে সে ও তার সহযোগীরা। বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর বাংলাবাজার রিফিউজি কলোনি এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় তরিকুলকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন। 

ঘটনার প্রেক্ষাপট: মাদক বিরোধের জেরে আক্রোশ
স্থানীয় ও আহতের স্বজনদের সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং লিডার অলি দীর্ঘদিন ধরে রিফিউজি কলোনি ও সংলগ্ন এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। তার এই অপকর্মের বিরুদ্ধে এলাকার মুরুব্বিদের সাথে নিয়ে সোচ্চার হয়েছিলেন তরিকুল ইসলামসহ স্থানীয় একদল যুবক। যুবকদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এর আগে ডিবি পুলিশ ৭৫ পিস ইয়াবাসহ অলিকে গ্রেফতার করেছিল। দীর্ঘদিন জেল খাটার পর সম্প্রতি সে জামিনে বের হয়ে আসে। 

প্রকাশ্য দিবালোকে নৃশংসতা
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে তরিকুলকে একা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় অলি। তার নেতৃত্বে উজ্জ্বল, রাহাতসহ আরও ৩-৪ জন সন্ত্রাসী ধারালো রামদা ও ছেনি নিয়ে তরিকুলের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে বীরদর্পে এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া অলি
অভিযোগ রয়েছে, বিতর্কিত অলি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের হয়ে সিএনবি রোডে বিভিন্ন সময় মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছে। রাজনৈতিক প্রভাব ও শক্তিশালী ‘গডফাদার’দের ছত্রছায়ায় সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এর আগেও রাজনৈতিক কর্মসূচিতে উসকানিমূলক কর্মকাণ্ডের দায়ে তাকে পুলিশ আটক করেছিল। স্থানীয়দের দাবি, এই গডফাদারদের মদদেই জামিনে বেরিয়ে সে আরও হিংস্র হয়ে উঠেছে।

এই বর্বরোচিত হামলার ঘটনার পর থেকে বাংলাবাজার ও রিফিউজি কলোনি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অলি ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার গোলাম মোঃ নাসিম জানান হামলার বিষয়টি তারা অবগত আছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না বলে পুলিশের এই কর্মকর্তা’র পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban