বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স, বরিশালে কঠোর হচ্ছে পরিবেশ অধিদপ্তর বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম  জনকল্যাণ, খেলাধুলা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যাশা ইউপি সদস্য প্রার্থী সেজান মাহমুদের মেহেন্দীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে দুই যুবককে হয়রানির অভিযোগ ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন নাজিরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও  বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত
অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স, বরিশালে কঠোর হচ্ছে পরিবেশ অধিদপ্তর

অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স, বরিশালে কঠোর হচ্ছে পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক:: ইটভাটা চালুর মৌসুমকে সামনে রেখে বরিশাল জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এবার অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। জেলার কোথাও অবৈধভাবে ইটভাটা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। আইন ও পরিবেশগত বিধিনিষেধ অমান্য করে ইটভাটা চালু রাখলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

 

পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন এ কথা জানিয়েছেন।

 

এ সময় তিনি বলেন, ইটভাটা চালুর মৌসুম শুরু হচ্ছে। এ সময় পরিবেশের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, সে বিষয়ে পরিবেশ অধিদপ্তর তৎপর রয়েছে। বরিশাল জেলায় কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। যারা পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি ও প্রচলিত আইন মেনে ইটভাটা পরিচালনা করবেন, তারা ব্যবসা চালিয়ে যেতে পারবেন। তবে যারা আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা ও প্রচলিত আইন-বিধি অনুযায়ী বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করছি। ইটভাটার মৌসুমে এবার আমরা মাঠপর্যায়ে কঠোর অবস্থানে থাকব। কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। যারা আইন ও বিধিনিষেধ অমান্য করে ইটভাটা পরিচালনা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

 

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে বরিশাল অঞ্চলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে অবৈধ ইটভাটার কিলন ও চিমনি ভেঙে ফেলা, আগুন নির্বাপণ, বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস এবং অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

 

বরিশাল সদর, বাবুগঞ্জ, হিজলা, বাকেরগঞ্জ, বানারীপাড়া এবং পার্শ্ববর্তী ঝালকাঠির নলছিটি উপজেলাসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়েছে। বিশেষ করে জিগজ্যাগ, ড্রাম চিমনি ও পাঁজা প্রযুক্তির পরিবেশবিধ্বংসী ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

এর আগে ২০২৪ সালে বরিশাল সদরসহ বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে কিলন ও চিমনি ভেঙে দেওয়া এবং জরিমানা আদায় করা হয়। একই ধারাবাহিকতায় ২০২৫ সালেও সদর উপজেলার চরকাউয়া ও চাঁদপুরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে অবৈধ ইটভাটার চিমনি অপসারণ, আগুন নির্বাপণ, কাঁচা ইট ধ্বংস এবং সংশ্লিষ্টদের অর্থদণ্ড দেওয়া হয়।

 

চলতি বছরের শুরুতেও বাবুগঞ্জ ও বানারীপাড়াসহ বিভিন্ন এলাকায় একাধিক অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। বাবুগঞ্জে চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ১০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়। অন্যদিকে বানারীপাড়ায় পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে আট লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি চিমনি ও কাঁচা ইট ধ্বংস করা হয়।

 

এদিকে, শুধু অবৈধ ইটভাটা নয়, জলাশয় ও পরিবেশ সংবেদনশীল এলাকা রক্ষায়ও কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। সম্প্রতি বরিশাল নগরীর রুপাতলি এলাকার লালা দিঘি ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয় অধিদপ্তরের হস্তক্ষেপে। একইভাবে নগরীর কাউনিয়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় পুকুর ভরাটের খবর পেয়ে অভিযান চালিয়ে কাজ বন্ধ করা হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

 

পরিবেশ সংশ্লিষ্টদের মতে, ইটভাটার মৌসুমে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান ও কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে বায়ুদূষণ নিয়ন্ত্রণ, কৃষিজমির ক্ষতি রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে।

 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বরিশাল জেলায় অবৈধ ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ক্ষতি করে এমন কোনো কার্যক্রমকে ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban