শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বহু মানুষের প্রিয়জন, উদীয়মান তরুণ সাংবাদিক নেতা এসএ টিভির বরিশাল ব্যুরো প্রধান এবং বিভাগীয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সালের জন্মদিন আজ।
১৯৯২ সালের ২১ নভেম্বর ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
সাংবাদিকতা পেশায় তার যাত্রা শুরু দৈনিক বাংলার বন পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি হিসেবে। পরবর্তীতে দৈনিক কলমের কণ্ঠ পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে নতুন পথচলা শুরু করেন। বর্তমানে তিনি বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সাংবাদিক ক্লাবের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতার পাশাপাশি শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মুজিব ফয়সাল। ২০০৭ সালে এসএসসি, ২০০৯ সালে এইচএসসি, ২০১৫ সালে স্নাতক এবং ২০১৯ সালে বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
সাংবাদিকতায় আসার কারণ সম্পর্কে তিনি জানান, ছোটবেলা থেকেই এমন একটি পেশায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখতেন, যেখানে নিজের সাফল্যের পাশাপাশি নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। ভবিষ্যতেও মূলধারার সৎ ও নৈতিক সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখতে চান তিনি।
সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরো বলেন, অপসাংবাদিকতা ও নামধারী হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। কিছু অসাধু ব্যক্তির অপকর্মে প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের সম্মান-মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। সাংবাদিকতার পরিচয়ে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সবশেষে- জন্মদিনে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সাংবাদিক মুজিব ফয়সাল।