সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আইনজীবীদের মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন, এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কালাম আজাদ ইমন।
অনুষ্ঠানে বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, বরিশাল মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আইনজীবীদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় করতে আধুনিক অবকাঠামোর বিকল্প নেই। প্রস্তাবিত ১০ তলা ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা আইনজীবী সমিতির অবকাঠামোগত উন্নয়ন ও সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে বরিশালের আইনজীবীদের পেশাগত কার্যক্রম পরিচালনায় আরও উন্নত ও আধুনিক পরিবেশ নিশ্চিত হবে। একই সঙ্গে আইনজীবী ও বিচারপ্রার্থীদের বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে।