সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::তথ্য ও সম্প্রচার মন্ত্রীর জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এটি পর্যায়ক্রমে সমস্ত জেলায় নির্মাণ করা হবে। ইতোমধ্যে ২৬টি জেলায় কাজ চলছে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকায় বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণযোগাযোগ অধিদফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, তথ্য কমপ্লেক্সগুলো নির্মাণ করার ক্ষেত্রে ভবনের অবকাঠামই আমাদের মূল কাজ না। বর্তমান সরকার তথ্য কমপ্লেক্সের ভ্যালু এটাকে গ্লোবাল স্ট্যান্ডার্ড এর মধ্যে নিতে চাচ্ছি। সেই কারণেই এটির অবকাঠামোগত পরিকল্পনা, অবকাঠামোগত যে ইঞ্জিনিয়ারিং, এর যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা দুটোকে আলাদাভাবে চিন্তা করছি।
তিনি তথ্য কমপ্লেক্স এর সুবিধা তুলে ধরে বলেন, এখানে ইলেকট্রনিক সিনেমা হল থাকবে। এখানে ইলেকট্রনিক স্কিন থাকবে। যে ইলেকট্রনিক স্ক্রিনের মাধ্যমে ডিজিটাল যেসব মুভি তৈরি হয় সেগুলো দেখানো যাবে। এই তথ্য কমপ্লেক্সে অনেকগুলি সুবিধার মধ্যে সর্বোচ্চ প্রযুক্তিবান্ধব একটা সিনেমা হল থাকবে একটা সিনেপ্লেক্স থাকবে। যেখানে থ্রিডি ফোর্ডির মতো মুভি দেখা যাবে। ক্রমান্বয়ে আমরা এটি জেলা পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব।
তথ্য মন্ত্রী আরও বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্স মানেই হচ্ছে ডিজিটাল ইনফরমেশন সার্ভিস সেন্টার। সব ধরনের ডিজিটাল ইনফরমেশন সার্ভিস এই তথ্য কমপ্লেক্স থেকে পাওয়া যাবে। তথ্য কমপ্লেক্সের মাধ্যমে একটা সফট সার্ভিস জনগণের মধ্যে দিতে চাই। এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দক্ষ জনবল। কারণ এই সুবিধা গুলো নেওয়ার জন্য একটি দক্ষতা লাগবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যেখানে যেখানে তথ্য কমপ্লেক্স হবে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য কমপ্লেক্সকে সর্বোচ্চ ব্যবহার করার একটি লিফলেট যাতে বণ্টন করা হয়। যাতে শিক্ষার্থীরা এখানে আসতে আগ্রহী হয়। এটি কোনো দর্শনীয় ভবন হতে পারবে না। এখানে নানান রকম বহুমুখী তথ্যের সেবা, বিনোদনের সেবা, জ্ঞান আহরণের সেবা, গবেষণার সেবা দেওয়ার জন্যই আমরা তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক প্রযুক্তি ও তথ্যসেবার মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ কমপ্লেক্স কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক আবদুল জলিল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মনিরুজ্জামান। তিনি জানান, ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বরিশালে সাততলা বিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হচ্ছে। পরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন উপ-প্রকল্প পরিচালক রেজাউর রাব্বী মনির।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।