বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম জাহিদকে ঘিরে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও তাঁর উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক ভূমিকার কথা তুলে ধরছেন এলাকাবাসীর একটি অংশ। তাঁদের দাবি, ২০২১ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন তিনি। সাধারণ মানুষের পাশে থাকা এবং ইউনিয়ন পরিষদের সেবা সহজলভ্য করার কারণে এলাকায় তাঁর জনপ্রিয়তা তৈরি হয়েছে বলেও মনে করছেন সমর্থকেরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর চাঁদপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেন এইচ এম জাহিদ। গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, কালভার্ট স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকার কথা তুলে ধরছেন স্থানীয়রা। তাঁদের মতে, গ্রামের মানুষের দৈনন্দিন চলাচল সহজ করা এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি বলে দাবি তাঁর সমর্থকদের। জন্মনিবন্ধন, সরকারি বিভিন্ন ভাতা কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের বিভিন্ন সমস্যায় সহযোগিতার বিষয়গুলোকে তাঁর দায়িত্ব পালনের উল্লেখযোগ্য দিক হিসেবে দেখছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা রুস্তম বলেন, একজন জনপ্রতিনিধির কাজের মূল্যায়ন হওয়া উচিত তাঁর কর্মকাণ্ডের ভিত্তিতে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। সাধারণ মানুষ নিজেদের প্রয়োজন নিয়ে ইউনিয়ন পরিষদে আসেন। জনপ্রতিনিধির কাছে মানুষের প্রত্যাশা থাকে, তিনি যেন সবসময় তাঁদের পাশে থাকেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়নের বিষয়টি সবার গুরুত্ব দেওয়া উচিত।
ইউনিয়ন পরিষদে নাতির জন্মনিবন্ধন করাতে আসা সাহিদা বলেন, সাধারণ মানুষের কাছে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মনিবন্ধনসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে পরিষদে আসতে হয়। এসব সেবা সহজে পাওয়া গেলে সাধারণ মানুষ উপকৃত হন। জনপ্রতিনিধিদের কাছে তাঁদের প্রত্যাশা, কোনো ধরনের হয়রানি ছাড়াই যেন প্রয়োজনীয় সেবা পাওয়া যায়।
নতুন ভোটার সায়েম বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব। কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত। তবে রাজনৈতিক বিরোধ কিংবা ব্যক্তিগত ক্ষোভ থেকে কাউকে বিতর্কিত করা ঠিক নয়। এলাকার উন্নয়ন ও জনস্বার্থের বিষয়টিই সবার আগে গুরুত্ব পাওয়া প্রয়োজন।
রাজনৈতিক প্রেক্ষাপটেও এইচএম জাহিদের অবস্থান নিয়ে রয়েছে ভিন্ন আলোচনা। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এর আগে ২০১৬ সালে তাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তাঁর সমর্থকদের দাবি, নির্বাচনের সেই রাজনৈতিক বিরোধের জের ধরে বর্তমানে তাঁকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তাঁদের মতে, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবার বিষয়গুলো আড়াল করে তাঁকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এমনকি এরপরে থেকে তিনি এলাকার সাধারণ মানুষের সেবায় কাজ করছেন। সে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে যা কাজ করছেন তা বিগত ৩০ বছরে কেউ করতে পারে নাই।
এ বিষয়ে চেয়ারম্যান এইচএম জাহিদ বলেন, ‘আমি সবসময় জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাঁদের সেবা করার জন্য। দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। সাধারণ মানুষ যেন ইউনিয়ন পরিষদে এসে জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় নাগরিক সেবা সহজে পান, সে বিষয়েও গুরুত্ব দিয়েছি। সরকারি বিভিন্ন ভাতা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমার কাছে দল-মতনির্বিশেষে সবাই সমান। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করা হোক। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে মিথ্যা তথ্য বা অপপ্রচার দিয়ে আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।’