মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন বিসিসি ১৩ নম্বর ওয়ার্ডের রিফুজি কলোনীতে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে এক নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ টাকা, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কোতোয়ালি থানার একটি দল রিফুজি কলোনীর কথিত গাঁজা রফিকের মালিকানাধীন ‘স্নেহা ভবন’-এর দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাপ্পী (পিতা: আমির আলী, শেরেবাংলা মেডিকেল ১২ নম্বর ওয়ার্ড), রাতুল (পিতা: রফিকুল ইসলাম প্যাদা, দক্ষিণ আলেকান্দা), আফজাল হাওলাদার (পিতা: জামাল হাওলাদার, কালুখান খান সড়ক), ইমন হাওলাদার (পিতা: খোকন হাওলাদার, বাকেরগঞ্জ) এবং আনু বেগম (স্বামী: রফিকুল প্যাদা, দক্ষিণ আলেকান্দা)কে আটক করা হয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা, ৩৯ পুরিয়া গাঁজা, ইয়াবা বিক্রির নগদ ১৭ হাজার ৬৯০ টাকা, দুটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) গোলাম মো. নাসিম, এসআই (নিঃ) আবু তালেব, এসআই (নিঃ) নাহিদুল ইসলাম, এএসআই মো. সাইফুল, এএসআই আল আমিন, এএসআই আরিফ, এএসআই বাবুল, এএসআই জুয়েল শেখ এবং নারী কনস্টেবল সুমি আক্তার।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন উল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রিফুজি কলোনীর একটি বাসায় অভিযান চালিয়ে মাদকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”