মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বন্দর থানার কর্নকাঠী এলাকায় একটি বিরোধীয় জমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
মামলার বাদী মৌসুমী সুলতানা মিমির অভিযোগ, রাহাত তালুকদার ও তার সহযোগীরা বিরোধীয় জমিতে জোরপূর্বক প্রবেশ করে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতে এমপি মামলা নং-৫৩/২০২৬ (বন্দর) দায়ের করেন।
আদালতের নির্দেশনার পর বন্দর থানা পুলিশ সংশ্লিষ্ট পক্ষদের নোটিশ প্রদান করে জানায়, মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় সম্পত্তিতে কোনো ধরনের নির্মাণকাজ, দখল পরিবর্তন, ভোগদখলে হস্তক্ষেপ বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। একই সঙ্গে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, আদালতের নির্দেশ অমান্য করে কেউ বিরোধীয় সম্পত্তিতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিরোধীয় সম্পত্তিটি বন্দর থানার কর্নকাঠী মৌজায় অবস্থিত প্রায় ১৫ শতক ৫০ অযুতাংশ জমি নিয়ে গঠিত। জমিটির মালিকানা ও দখল নিয়ে বর্তমানে আদালতে বিচারাধীন প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
এ বিষয়ে বরিশাল বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, “আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হয়েছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় জমিতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না। আদালতের নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”