সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের পর সৃষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষাপটে বরিশালের হিজলা উপজেলার নদীবেষ্টিত হরিনাথপুর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা কার্যক্রম চালু রাখার চেষ্টা করছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো:ফেরদৌস হাসান লিমন-এমন তথ্য উঠে এসেছে স্থানীয় পর্যায়ের অনুসন্ধানে।
সূত্রে জানা গেছে,২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে নদীবেষ্টিত এই দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবে ওই অবস্থাতেও ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সীমিত জনবল ও প্রতিকূল পরিবেশের মধ্যেও সচিব নিয়মিত অফিস কার্যক্রম পরিচালনা করে আসছেন। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, বিধবা ও বয়স্ক ভাতার আবেদনসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো অব্যাহত রাখা হয়েছে। একাধিক সেবাগ্রহীতা বলেন, “এলাকাটা নদীবেষ্টিত হওয়ায় অনেক সমস্যা থাকে, তবুও অফিস কখনো বন্ধ হয়নি-সচিব ই সবকিছু দেখছেন।
এছাড়া স্থানীয়দের একটি অংশের দাবি, এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেবা কার্যক্রম সচল রাখায় সচিব প্রশংসা কুড়িয়েছেন। তারা মনে করেন, বাস্তব সীমাবদ্ধতা সত্ত্বেও সাধারণ মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার চেষ্টা ইতিবাচক দৃষ্টান্ত।
সংশ্লিষ্টরা আরও মনে করেন, এই কঠিন সময়ে সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করার পাশাপাশি সচিব সরকারের ভাবমূর্তি রক্ষায়ও কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ফেরদৌস হাসান লিমন বলেন,আমি সরকারি সকল নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। এই নদীবেষ্টিত এলাকায় সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও সাধারণ মানুষের প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমি সবসময় স্বচ্ছতা ও নিয়ম মেনে কাজ করার চেষ্টা করছি এবং সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করছি।
এছাড়াও হরিনাথপুর ইউনিয়ন বরিশাল জেলায় প্রথম ডিজিটাল ইউনিয়ন হিসেবে সকল সনদ প্রায় ৩৮ টির অধিক সনদ একই ঠিকানায় অন্তর্ভুক্ত করে ডিজিটাল স্মার্ট সেবার অগ্রযাত্রা শুরু করেছে।এর ফলে এই ইউনিয়নের সকল নাগরিক দেশের যে কোন প্রান্তে বসে ইউনিয়ন পরিষদের অনলাইন পোর্টাল prottoyon.live এর মাধ্যমে ডিজিটাল সেবা নিতে পারছে।