সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে বরিশাল জিলা স্কুলের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী কাজী সালমান। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয়, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
কাজী সালমান পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন ও মোসা নিলুফা ইয়াসমিনের জ্যেষ্ঠ সন্তান। ছোটবেলা থেকেই তিনি মেধাবী, শৃঙ্খলাবোধ সম্পন্ন ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে পরিচিত। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতায় তিনি এ সাফল্য অর্জন করেন।
রোববার (১২ জুলাই) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।
ফলাফল প্রকাশের পর কাজী সালমানের পিতা কাজী সাইফুদ্দীন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সে যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে একজন সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।”
অপরদিকে তার মা মোসা নিলুফা ইয়াসমিন বলেন, “সালমানের এই অর্জনে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তার এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, পরিবারের সহযোগিতা এবং তার নিজের কঠোর পরিশ্রমই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আমরা চাই, সে শুধু লেখাপড়ায় নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি।”
বরিশাল জিলা স্কুল কর্তৃপক্ষ কাজী সালমানের এই সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে। বিদ্যালয়ের শিক্ষকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে তার মেধা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়, পরিবার এবং দেশের মুখ উজ্জ্বল করবে।